বরগুনা: বরগুনা সদর উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং-এর তাণ্ডবে গাছচাপায় আমেনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের সোনাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আহম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ের সময় বাড়ির পাশে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘরে বসে ভাত খাচ্ছিলেন আমেনা খাতুন। এ সময় ঘরের পাশে থাকা একটি গাছ তার ঘরের ওপর পড়ে। এতে ঘরের নিচে চাপা পড়েন তিনি।
পরে তাকে মৃত অবস্থায় ঘরের নিচ থেকে উদ্ধার করেন স্বজনরা।