ঢাকা: দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সদস্য পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিপিজেএ।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক নাফিসা দৌলা এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
গত ৬ জুলাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের সূত্র ধরে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে কেন্দ্রীয় ছাত্রলীগের দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা এই মামলাটির আবেদন করেন।
এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পাভেল হায়দার চৌধুরী ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুলকে হাজির হতে সমন জারি করেন আদালত।
বিপিজেএ’র নেতৃবৃন্দ বলেন, গত আড়াই মাস আগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা ‘দূরভিসন্ধিমূলক’। কোনো সংবাদ প্রকাশ হলেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়ারানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।
বিপিজেএ মনে করে এটি একটি হয়রানিমূলক মামলা যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থি। তাই অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরণের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।