গাজীপুর: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদের রাজধানী যদি ঢাকা হয়, অর্থনৈতিক প্রেক্ষাপটে গাজীপুরকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। এদেশের অর্থনীতির ফুসফুস হচ্ছে গাজীপুর।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) গাজীপুর পুলিশ লাইন্সে মহানগর পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান বক্তার বক্তব্যে আইজিপি বলেন, গাজীপুরে হাজার হাজার ইন্ডাস্ট্রি এবং লাখ লাখ শ্রমিক কাজ করছে। আমরা প্রতিবছর যে ১৫ মিলিয়ন ডলারের গার্মেন্ট প্রোডাক্ট রফতানি করছি তার অধিকাংশই এ অঞ্চল থেকে হয়ে থাকে। তাই গাজীপুরকে দেশের অর্থনীতির ফুসফুস বলাও ভুল হবে না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন।
অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, পুলিশ সুপার কাজী শফিকুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাতি, ঘোড়ার গাড়ি, মোটরবাইক সহকারে শোভাযাত্রাটি পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।