Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোষণা ছাড়াই পৌনে ২ ঘণ্টা বন্ধ তিন বিঘা করিডোর গেট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২২ ১৭:৫৫ | আপডেট: ৬ মে ২০২২ ১৮:০৩

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে তিন বিঘা করিডোর গেটে কোনো পূর্বঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পৌনে ২ ঘণ্টা ধরে গেটটি বন্ধ রাখায় স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হয়। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশিরা।

শুক্রবার (৬ মে) সকাল ১১টা ১৮ মিনিট হতে পরবর্তী ১ ঘণ্টা ৪৭ মিনিটের জন্য বিএসএফ গেটটি বন্ধ করে দেয়।

জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমনকে কেন্দ্র করে গেটটি বন্ধ করে দেওয়া হয়। তবে কোনো ধরনের ঘোষণা ছাড়াই গেট বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাংলাদেশিদের দুর্ভোগ পোহাতে হয়।

তিন বিঘা নামক করিডোরটি ১৯৯২ সালে থেকে ৯৯ বছরের জন্য লিজ নিয়ে ব্যবহার করে আসছে বাংলাদেশ। সবশেষ গত ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত শেখ হাসিনা-মনমোহন বৈঠকে সই করা চুক্তি অনুযায়ী বাংলাদেশিদের যাতায়াতের জন্য এই করিডোরটি ২৪ ঘণ্টাই খোলা রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, করিডোরটি আন্তর্জাতিক চোরাচালান রুট হিসাবে ব্যবহার হচ্ছে— এমন অভিযোগ যাচাই করতে করিডোর এলাকা পরিদর্শনে আসেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ কারণেই গেটটি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে কিছুই জানায়নি বিএসএফ।

তিন বিঘা আন্দোলন কমিটির নেতা রেজানুর রহমান রেজা জানান, দুই দেশের মধ্যে কোনো ধরনের আলোচনা ছাড়াই বিএসএফ তিন বিঘা করিডোরের গেট বন্ধ করে দিয়েছে। কিন্তু এই গেট বন্ধ রাখতে হলে অবশ্যই বাংলাদেশকে অবহিত করা উচিত ছিল।

দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, না জানিয়ে গেট বন্ধ রাখায় মানুষকে দুর্ভোগের শিকার হতে হয়েছে। কেননা তিন বিঘা করিডোর দিয়ে বাংলাদেশিরা সার্বক্ষণিক চলাচল করে থাকেন। বিনা নোটিশে গেট বন্ধ থাকায় তারা ওদিকে যেতে পারেননি।

বিজিবি’র ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজমল হোসেন বলেন, দীর্ঘ সময় গেট বন্ধ রাখার কারণ বিএসএফের কাছে জানতে চাওয়া হবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।

সারাবাংলা/টিআর