শুক্রবার (২৯ এপ্রিল রাতে) রাতে ইউক্রেনের ৩৮৯টি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করেছে রাশিয়া। একই রাতে রাশিয়ার ব্রিনস্ক অঞ্চলের তেল স্থাপনায় গোলা নিক্ষেপ করেছে ইউক্রেন।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের ৩৫টি কন্ট্রোল পয়েন্টসহ মোট ৩৮৯টি লক্ষ্যবস্তুতে গোলাবর্ষণ করা হয়েছে। এর মধ্যে ১৫টি অস্ত্র ও গোলাবারুদ কারখানাও রয়েছে। লক্ষ্যবস্তুর বেশিরভাগই সামরিক স্থাপনা। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের চারটি গোলাবারুদ ও জ্বালানি তেল স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে।
এদিকে রাশিয়ার ব্রিনস্ক অঞ্চলে নিয়মিত বিরতিতে গোলা নিক্ষেপ করছে ইউক্রেন। ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তাসংস্থা রিয়ার খবরে বলা হয়, ইউক্রেন বেশ কয়েকটি গোলা নিক্ষেপ করেছে। এর কয়েকটি একটি তেল স্থাপনায় আঘাত হেনেছে। এছাড়া ইউক্রেনীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাশিয়ার প্রবেশের চেষ্টা চালালে আকাশ প্রতিরক্ষা বাহিনী তা প্রতিরোধ করেছে।
ব্রিনস্ক অঞ্চলের গভর্নর বার্তাসংস্থা রিয়াকে বলেছেন, ইউক্রেনীয় গোলার আঘাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তেল স্থাপনার রসদ মজুত রাখার ভবন ধ্বংস হয়ে গেছে।