Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তির সুযোগের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

ঢাবি করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২২ ১৩:১৫ | আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৫:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে সমাবেশ করেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থী একদল শিক্ষার্থী। তবে শিক্ষার্থীরা অভিযোগ করেন, সমাবেশের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদের কর্মসূচিতে বাধাপ্রদান করেন এবং ব্যানার ছিঁড়ে ফেলার চেষ্টা করেছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে শুরু করেন এসব শিক্ষার্থী। বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু করলে প্রক্টরিয়াল টিমের বাধা দেয় তাদের। পরে সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

বিজ্ঞাপন

উত্থাপিত দাবি যৌক্তিক উল্লেখ করে শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আন্দোলনকারী একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, কর্মসূচি শুরু হওয়ার কিছু সময় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদের চলে যেতে বলে। এক পর্যায়ে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা আরও বলেন, যারা প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো বিষয় পায় না তাদের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চতুর্থ শিল্প বিপ্লব মাথায় রেখে যুগোপযোগী বিষয়গুলোতে শিক্ষার্থীদের পড়তে চাওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেডিকেল ভর্তি পরীক্ষার মতো নম্বর কর্তন করার বিধান রেখে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিতে পারে। এছাড়া যারা প্রথমবারই চান্স পেয়ে ভর্তি আছে, তারা আর পরীক্ষা দিতে পারবে না এমন শর্ত দিয়েও ঢাবিতে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দেওয়া যেতে পারে।

এদিকে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী সরধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বা সমাবেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে হবে। এই সিদ্ধান্ত মেনে চলা আমাদের দায়িত্ব। আমরা নিজেরা যেন কোনো ধরনের মিছিল-সমাবেশ না করি।

সারাবাংলা/আরআইআর/এসএসএ
বিজ্ঞাপন

আরো