ঢাকা: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃত বাস্তবায়নাধীন ‘গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পে ১১০ কোটি টাকা ব্যয় বাড়ছে।
বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র বৈঠকে এ- সংক্রান্ত চুক্তিমূল্য সংশোধনী (ভেরিয়েশন) প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্র জানায়, ‘গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলাধীন একটি (প্যাকেজ নং সিআইবি২-প্যান-ডব্লিউ ৩০) প্যাাকেজ কাজের ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানায়, এছাড়া ক্রয় কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগের একটি প্রকল্প ‘নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকীকরণ’ প্রকল্পের একটি প্রস্তাব অনুমোদন করা হয়। প্যাকেজ নম্বর জিডি-৬ (পি-০৬) এর আওতায় রংপুর জোনে ৯টি ৩৩/১১ কেভি এআইএস সাবস্টেশন আপগ্রেডেশনের নকশা প্রণয়ন, সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও কমিশনিং কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ১৪১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ের এ কাজের ঠিকাদার হিসেবে অ্যাডেক্স কর্পোরেশন লিমিটেড (এসিএল) ও অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এইইএল) যৌথ উদ্যোগকে নির্বাচন করা হয়েছে।