ঢাকা: দেশের সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারি ইউনিয়ন নামের একটি সংগঠন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দেশের ৪০০ সরকারি কলেজ এবং তিন সরকারি মাদরাসায় সরকারি কর্মচারীরা ৫-১৫ বছর বা তার বেশি সময় ধরে নিয়োগ প্রাপ্ত হয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত আছেন। তাদের মাসিক বেতন তিন-সাত হাজার টাকা। এই অল্প বেতনে তারা পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছেন।
তারা বলেন, মাধ্যমিক উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর কর্তৃপক্ষ ২০১৩ সালের জনবল নিয়োগ দেয় তবে বেসরকারি কর্মচারীদের কোন অধিকার দেয়নি। মাউশি আবার ২০২০ সালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে সে বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের একটি রিট মামলার নির্দেশনা মোতাবেক আগে নিয়োগপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও মাউশি কর্তৃপক্ষ নির্দেশ মানেনি।
চাকরি স্থায়ী করার জন্য আগেও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছিলেন। সে সময় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরবর্তীতে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এবং মাউশি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিন মাসের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেন। এখন তাদের আবেদন প্রধানমন্ত্রী যেন তাদের দাবিগুলো মেনে নেন।
মানববন্ধন থেকে উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োজিত বেসরকারি কর্মচারীদেরকে নিয়োগের তারিখ থেকে চাকরি জাতীয়করণ করতে হবে। চাকরি জাতীয়করণের আগ পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতাদি দিতে হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়িনের সভাপতি দুলাল সর্দার এবং আন্দোলন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ। এছাড়া সংগঠনটির বিভিন্ন নেতারা এসময় উপস্থিত ছিলেন।