Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাব রেজিস্ট্রার হত্যায় ৪ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৫ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৪:২৭

কুষ্টিয়া: সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চার আসামির ফাঁসি এবং অপর এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন।

রায় ঘোষণার সময় প্রত্যেক আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো- সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর আসামি হচ্ছেন মনোয়ার হোসেন ডাবলু (৩৮)।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাইদুল ইসলাম মিরপুর রেজিস্ট্রি অফিসের নকল নবিস, কামাল শেখ একই অফিসের পিয়ন এবং ফারুক হোসেন জেলা সাব রেজিস্ট্রারের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তরা কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহকে (৫০) শহরের আড়ুয়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা ভাড়া বাসায় হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

নূর মোহাম্মদ শাহের দেশের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলাগ্রামে। কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে তিনি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন।

হত্যার পরদিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

সরকারপক্ষের আইনজীবী এই রায়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে বলেন, ‘এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।’

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জহুরুল ইসলামের দাবি যেহেতু এই মামলার কোন চাক্ষুষ সাক্ষি ছিল না, তাই এই রায় তারা মানতে পারছেন না। উচ্চ আদালতের মাধ্যমে তারা এই মামলায় সুবিচার পাবেন বলেও আশা প্রকাশ করেন।

সারাবাংলা/এমও