বরিশাল: বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে বাসটির সুপারভাইজার আল মামুন মনির (৩০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ১০ যাত্রী আহত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুরে দিকে নলছিটি উপজেলার পূর্ব রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাহিদ সুপার পরিবহনের একটি বাস পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হয়। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝখানে একটি মাহিন্দ্র (থ্রি-হুইলার) চলে আসে। থ্রি-হুইলার থেকেে এড়াতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় বাসের নিচে চাপা পড়ে বাসটির সুপারভাইজার। তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুম ইফতেখার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যৌথভাবে কাজ করেছে।