Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রীদের বক্তব্যে দেশবাসী বিভ্রান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২১ ১৬:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদের

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ১১ আগষ্ট থেকে ১৮ বছরের উর্ধ্বে বয়স অথচ ভ্যাকসিন নেননি এমন কেউ বাইরে বের হলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। সরকারের এমন সিদ্ধান্ত শুধু অযৌক্তিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য নয়, এটি পুরোপুরি হাস্যকর।

তিনি বলেছেন, আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কীভাবে এমন সিদ্ধান্ত গণমাধ্যমকে জানায়, তা বোধগম্য হচ্ছে না।

মন্ত্রীদের বক্তব্যে দেশবাসী বিভ্রান্ত হয়ে সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলছে, বলে উল্লেখ করেন জি এম কাদের।

বুধবার (৪ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান বাস্তবতায় দেশে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া মানুষের সংখ্যা এক কোটির নিচে। কোভিড টাক্সফোর্স এর রিপোর্ট অনুযায়ী ভ্যাকসিন কর্মসূচিতে বিশ্বের পিছিয়ে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আবার দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ভ্যাকসিন কর্মসূচিতে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। সারাবিশ্ব যখন ভ্যাকসিন দিয়ে জীবনযাত্রা স্বাভাবিক করছে, মনে হচ্ছে তখনই ভ্যাকসিন দেওয়ার ব্যর্থতার দায় এড়াতে উল্টাপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

জাপা চেয়ারম্যান বলেন, এখন ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স সীমা ২৫ বছর নির্ধারিত। সেক্ষেত্রে কীভাবে ১৮-২৪ বছর বয়সী গার্মেন্ট শ্রমিক কারখানায় যাবে? এই বয়সের গণপরিবহনের শ্রমিক কীভাবে কাজে বের হবে? অথবা এই বয়সী দোকানি কীভাবে দোকান খুলবে?

তিনি আরও বলেন, ভ্যাকসিন না নেওয়া ১৮ বছরের বেশি বয়সীরা বের হলেই নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা, এমন ঘোষণার কয়েক ঘন্টার মাথায় স্বাস্থ্য মন্ত্রণালয় এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিবৃতি দিয়েছে। অপরিকল্পিত, অদূরদর্শী এবং সমন্বয়হীনতার কারণে বারবার এমন ঘটনা ঘটছে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম