Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অডিটের ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের এনবিআর-এর সতর্কতা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১১:১২

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা একটি প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করেছে। সংস্থাটি জানিয়েছে, সম্প্রতি এক শ্রেণির প্রতারক করদাতাদের কর নথি (ফাইল) অডিটে পড়েছে বলে দাবি করে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতির আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

রোববার (৫ জুলাই) এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর করদাতাদের সতর্ক থাকার আহ্বান জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি অডিটের বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে জানানো হয়।

বিজ্ঞাপন

এনবিআর আরও জানায়, কর-সংক্রান্ত বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের ক্ষমতা রাখেন না।

সংস্থাটি করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

একই সঙ্গে কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করতে অনুরোধ জানিয়েছে এনবিআর।

সংস্থাটি বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে পড়ে আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এসএ/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে হামদর্দ
৫ জুলাই ২০২৬ ১১:৫৩

আরো

সম্পর্কিত খবর