Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক ইশরাত ও তার সহযোগী ৬ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২১ ১৫:৪৭ | আপডেট: ২ আগস্ট ২০২১ ২১:৩৫

ঢাকা: দেশি-বিদেশি সংস্থার প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগের মামলায় গ্রেফতার চিকিৎসক ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিনারকে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালত এই রিমান্ডের আদেশ দেন।

মাদক আইনের মামলায় তদন্ত কর্মকর্তা শাহআলী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মাসুদ রানা এবং প্রতারণার মামলায় সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম তাদের পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই মামলায় দুজনের তিনদিন করে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

গত ১ আগস্ট রাতে রাজধানীর মিরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়। ইশরাত নিজেকে তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক, ডিপ্লোম্যাট, ব্রিগেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। চিকিৎসক ছাড়া তার সব পরিচয়ই ভুয়া।

গ্রেফতারের সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভুয়া ভিজিটিং কার্ড, ভুয়া সিল, ভুয়া সনদ, ভুয়া প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম ও র‌্যাংক ব্যাচ উদ্ধার করে র‌্যাব। এই ঘটনায় তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় পৃথক মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:

ব্রিগেডিয়ার জেনারেল পরিচয়ে প্রতারক ডা. ইশরাত র‌্যাবের জালে ধরা

প্রতারণার অভিযোগে চিকিৎসক ইশরাতের বিরুদ্ধে ৩ মামলা

সারাবাংলা/এআই/এএম