Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেফাজতের নেতা জুনায়েদ হাবিবসহ দুইজন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২১ ১৪:৪৪

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি জুনায়েদ আল হাবিবসহ দুইজনের সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ এপ্রিল) দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এ আদেশ দেন।

অন্য আরেকজন হলেন, হেফাজতে ইসলামের সহকারী মহাসচিব এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত স্বার্থে দশ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।

গত ১৭ এপ্রিল বিকেল ৫টার দিকে জুনায়েদ হাবিবকে ভাটারা থানার বারিধারা মাদরাসা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সম্প্রতি পল্টন থানায় নাশকতা মামলা এবং ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নাশকতার মামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে জুনায়েদ হাবিবকে। সে কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো সিদ্ধান্তের বিরোধিতা করে হেফাজতে ইসলাম। এ নিয়ে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত রাজধানীর বায়তুল মোকাররম এলাকাসহ চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা-ভাঙচুরের ঘটনাও ঘটে।
এসব ঘটনায় দায়ের করা মামলায় এরই মধ্যে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আট জন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সারাবাংলা/এআই/এসএসএ
বিজ্ঞাপন

আরো