Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্প থেকে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৬ ১৭:১১

গ্রেফতার হওয়া আসামি।

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আলোচিত একটি হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক ও আদালতের পরোয়ানাভুক্ত আসামি মাস্টার শুক্কুর আলমকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে র‌্যাব-১৫-এর অভিযানে ওই আসামিকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত মাস্টার শুক্কুর আলম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের (ব্লক-সি/৪, এফসিএন নম্বর-১৫০৮৮২) বাসিন্দা মোহাম্মদ ইলিয়াসের ছেলে। তিনি উখিয়া থানায় দায়ের করা একটি নৃশংস হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

বিজ্ঞাপন

র‌্যাব জানায়, হত্যা মামলায় মাস্টার শুক্কুর আলমের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে আত্মগোপনে ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫-এর সিপিএসসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল তার অবস্থান শনাক্ত করে। পরে বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে ক্যাম্প-১ ইস্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতারের পর আইনি কার্যক্রম সম্পন্নের জন্য মাস্টার শুক্কুর আলমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের কঠোর ও চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর