Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি কবিরুল হককে গ্রেফতার দেখানোর আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৬ ১৫:৪১

কবিরুল হক মুক্তি।

ঢাকা: জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান এলাকায় সংঘটিত একটি হত্যা মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবিরুল হক মুক্তিকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান থানায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্তের স্বার্থে আদালত কবিরুল হক মুক্তিকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর গুলশান এলাকায় সংঘটিত সহিংসতার ঘটনায় মামলাটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, সরকার পতনের একদফা আন্দোলন চলাকালে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এতে নাদিম নামে এক ব্যক্তি মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সময় কবিরুল হক মুক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখেন। এছাড়া মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়ন ও অন্যান্য অপতৎপরতায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

মামলার নথিতে আরও বলা হয়েছে, কবিরুল হক মুক্তি বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে রয়েছেন। গুলশান থানার হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচারের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন হওয়ায় আদালতে আবেদন করা হয়।

তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত অন্যদের আইনের আওতায় আনতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর