Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫৯ কোটি আত্মসাতের মামলায় রাশেদ চিশতীর জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৩:৪৮

ঢাকা: ১৫৯ কোটি আত্মসাতের ঘটনায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে এক মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জামিন বাতিল চেয়ে করা আবেদন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আজ রাশেদ চিশতীর পক্ষে শুনানি করেন এ এফ হাসান আরিফ। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আদেশের পর খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, আদালত চার সপ্তাহের জন্য রাশেদ চিশতীর জামিন স্থগিত করে নিয়মিত আপিল দায়ের করতে বলেছেন।

বিজ্ঞাপন

শর্ত সাপেক্ষে এর আগে গত ২ জুন জামিন দেন হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চ। পরে হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিল করে দুদক।

গত ১৯ মে রাশেদ চিশতীকে একাধিক মামলায় ঢাকার নিম্ন আদালত জামিন দিয়েছিল। পরে জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করে দুর্নীতি দমন কমিশন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ১০ এপ্রিল গুলশান থানায় মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী, স্ত্রী রোজী চিশতী, ছেলে রাশেদুল হক চিশতী, ব্যাংকটির ফার্স্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মাসুদুর রহমান খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জিয়া উদ্দিন আহমেদ এবং ব্যাংকটির গুলশান করপোরেট শাখার প্রাক্তন ব্যবস্থাপক ও বর্তমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলায় রাশেদুল হক চিশতীর বিরুদ্ধে ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। পরে এ মামলায় তাকে গ্রেফতার করা হয়।

সারাবাংলা/কেআইএফ/একে