ঢাকা: টেলিটক বাংলাদেশ লিমিটেড ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এ চুক্তির আওতায় টেলিটকের Bulk SMS সেবা গ্রহণ করবে বিমান বাংলাদেশ। এছাড়াও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দুইটি সক্ষমতা অনুযায়ী বিভিন্ন সেবা এক অপরকে প্রদানের প্রত্যয় ব্যক্ত করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনের উপস্থিতিতে প্রভাস চন্দ্র রায়, মহাব্যবস্থাপক, মার্কেটিং ও ভ্যাস, টেলিটক বাংলাদেশ লি. ও মোহাম্মদ সালাউদ্দিন, মহাব্যবস্থাপক, মার্কেটিং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।