ঢাকা: উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান এ আবেদন দাখিল করেন। আবেদন গ্রহণ করে বিচারক শাহজাহান কবির আগামী ৮ জুলাই আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিধিমালা অনুসরণ না করে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগের জন্য অবৈধভাবে একটি নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক বা তার প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলক এনটিআরসিএ সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়।
দুদক-এর অনুসন্ধানে আরও উঠে এসেছে, লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এমন কী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয়। এসব অনিয়মের মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।
উল্লেখ্য, এ ঘটনায় গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ মোট ২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন।