Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ পদাতিক ডিভিশনের জিওসি’র দায়িত্ব নিলেন সাইফুল আবেদীন


৩ জানুয়ারি ২০২১ ১৮:৫৪

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং চট্টগ্রামের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন। তিনি সদ্যবিদায়ী মেজর জেনারেল এস এম মতিউর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার (৩ জানুয়ারি) চট্টগ্রাম সেনানিবাসের সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩১ ডিসেম্বর মেজর জেনারেল সাইফুল আবেদীন নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন। গত ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর উচ্চপর্যায়ে রদবদলে দশজন জেনারেলের কর্মস্থল পরিবর্তন হয়।

চট্টগ্রামে ২৪ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল এস এম মতিউর রহমানকে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (অ্যার্টডকের) নতুন জিওসি করা। ২৪ পদাতিক ডিভিশনে তার স্থলে দায়িত্ব দেওয়া হয় নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল সাইফুল আবেদীনকে। তিনি তিন বছর প্রতিরক্ষা গোয়েন্দা মহা-পরিদফতরের (ডিজিএফআই) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে নবম পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পান।

বিজ্ঞাপন

মেজর জেনারেল সাইফুল আবেদীন ১৯৮৬ সাল ১৫তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স শেষ করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর সব বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য তিনি ‘সোর্ড অব অনার’ এবং একাডেমিক শ্রেষ্ঠত্বের জন্য ‘ওসমানী স্বর্ণপদক’ অর্জন করে কমিশন পান।

তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষক এবং ব্যাটালিয়ন কমান্ডার, ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট সেন্টার এর কমান্ড্যান্ট, ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদেও দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরুপ তিনি সেনাবাহিনীর ‘বিশিষ্ট সেবা পদক’ এবং ‘সেনা গৌরব পদক’ অর্জন করেন।

মেজর জেনারেল সাইফুল আবেদীন পার্বত্য চট্টগ্রামে দীর্ঘসময় বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও লক্ষ্মীছড়ি জোনে কর্মরত ছিলেন। ২০৩ পদাতিক ব্রিগেডের জেনারেল স্টাফ অফিসার (গ্রেড-৩) এবং ৩০৫ পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নেন।

সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তিনি কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি থেকে ‘চ্যান্সেলরস এ্যাওয়ার্ড’ সহ এমবিএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএচইডি গবেষণারত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অপারেশন অফিসার হিসেবে কুয়েতে এবং চিফ অব স্টাফ হিসেবে আইভরিকোস্টে তিনি দায়িত্ব পালন করেন।

মেজর জেনারেল সাইফুল আবেদীন বিবাহিত এবং এক মেয়ে ও এক ছেলের জনক। তার স্ত্রী ফাতেমা-তুজ-জোহরা পেশায় চিকিৎসক।