Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজের গুণগত মান রক্ষা করতে চান গৃহায়ণ প্রতিমন্ত্রী


১৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সরকারের বিশাল উন্নয়ন কর্মযজ্ঞের গুণগত মান রক্ষা করতে চান বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তিনি বলেন, ‘গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিশাল কর্মযজ্ঞ গুণগত মান রক্ষা করে এবং নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে চাই।’

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ দেওয়ার পর তিনি এ কথা বলেন। এসময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয় ও আওতাধীন দফতর এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

বিজ্ঞাপন

শুভেচ্ছা বক্তব্যে গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আপনাদের (মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী) ভূমিকা রাখতে হবে। সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতায় দেশকে উচ্চতর স্থানে নিয়ে যেতে চাই। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের বিশাল কর্মযজ্ঞ গুণগত মান রক্ষা করে এবং নির্ধারিত সময়ে বাস্তবায়ন করতে চাই। ‘ এসময় তিনি মুজিব বর্ষ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির খোঁজখবর নেন।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘পরিকল্পিত আবাসন ও টেকসই নগরায়ণ আমাদের মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য। উন্নয়ন মন্ত্রণালয় হিসেবে এ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে। দেশ ও জাতির কল্যাণে আমরা সদা প্রস্তুত।’

উল্লেখ্য, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী হওয়ার আগে শরীফ আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি দশম জাতীয় সংসদের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।