Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্য প্রবাসীদের ভোটার নিবন্ধন শুরু


১২ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৭ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার পথে আরেক ধাপ এগুলো নির্বাচন কমিশন। বুধবার (১২ ফেব্রুয়ারি) ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

গত বছর নভেম্বরে মালয়েশিয়া ও পরে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের ভোটার নিবন্ধন করা হয়।

বুধবার  স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন সিইসি। যুক্তরাজ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে পারাকে ‘একটি ঐতিহাসিক ঘটনা’ হিসেবে আখ্যা দেন তিনি। এ সময় যুক্তরাজ্যে নিয়োজিত বাংলাদেশি হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম দেশটিতে বাংলাদেশি ভোটারদের নিবন্ধন শুরু করায় প্রধান নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে উপস্থিত ছিলেন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানক, ব্রিগেডিয়ার জেনারেল অব সাহাদাত হোসেন চৌধুরী, সিনিয়র সচিব মো. আলমগীর ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

অনুষ্ঠানে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক তথ্য চিত্রের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া উপস্থাপন করেন। এখন থেকে প্রবাসী ভোটাররা services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এ জন্য তাদের বৈধ পাসপোর্ট, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্বের সনদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, শনাক্তকারী প্রবাসী বাংলাদেশির পাসপোর্টের কপি, সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।

উল্লেখ্য, গত বছর ৫ নভেম্বর মালয়েশিয়া ও ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।