Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গোলাগুলিতে আহত সন্ত্রাসী ওসমানের মৃত্যু


২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় একটি পাহাড়ে দু’দল বন্দুকধারীর মধ্যে গোলাগুলিতে আহত মো. ওসমানের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ওসমান ডাকাতি-অস্ত্রসহ কমপক্ষে ১০টি মামলার আসামি। গুলিবিদ্ধ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল।

রোববার (১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওসমানের মৃত্যু হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (৩১ আগস্ট) সকালে গুলিবিদ্ধ ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মো. ওসমান (৩০) রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মো.আবুল কালামের ছেলে।

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া সারাবাংলাকে জানান, শনিবার ভোরে সরফাভাটা এলাকায় বন বিভাগের পাহাড়ে দু’দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে গুলিবিদ্ধ অবস্থায় ওসমানকে তার সহযোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ খবর পাওয়ার পর হাসপাতাল ফাঁড়ির পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে সুনির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়।