নাটোর: জেলায় নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে মোতালেব হোসেন(৬৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার (২৭ জুন) রাত ৯ টার দিকে নাটোর সদরের বিষ্ণুপুর আমহাটি গ্রামে এই ঘটনা ঘটে। মোতালেব একই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে।
নিহতের ছেলে রবিউল ইসলাম চুনু জানান, আজ সন্ধ্যার পরে তার বাবা একাই তার শয়নকক্ষে ছিলেন। রাত ৯ টার দিকে হঠাৎ করে বাড়িতে ঢুকেই তিনি তার বাবার গোঙ্গানির শব্দ শুনতে পান। এ সময় তার মা এবং তিনি দৌড়ে গেলে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তার বাবার হাতে ধারালো ছুরিসহ দেহটি মাটিতে পড়ে থাকতে দেখেন।
সঙ্গে সঙ্গে তাকে বাইরে বের করে নিয়ে আসতেই তিনি মারা যান। রবিউল ইসলাম চুনু আরও জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নাটোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।