Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানের সাবেক এমডিসহ ১০ জনকে দুদকে তলব


২৩ জুলাই ২০১৯ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিমানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পাইলট নিয়োগের অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল মুনীম মুসাদ্দিক আহমেদসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৩ জুলাই) দুদকের অনুসন্ধান কর্মকর্তা সাইফুল ইসলাম এ তলবি নোটিশ পাঠায় বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য।

নোটিশে আগামী ২৮ বিমানের পরিচালক (প্রশাসন) পার্থ কুমার পন্ডিত, পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটারিয়াল ম্যানেজমেন্ট) সাজ্জাদুর রহিম, পরিচালক (কাস্টম সার্ভিস) মুমিনুল ইসলাম ও জিএম (প্রশাসন) বুশরা ইসলামকে ২৮ জুলাই তলব করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া বিমানের চিফ অব ট্রেনিং ক্যাপ্টেন ফজল মাহমুদকে এবং বিমানের চিফ ফিন্যান্সিয়াল অফিসার বিণীতি সুধ, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস) মো. আশরাফুল আলম ও পরিচালক (প্লানিং) এয়ার কমোডর মাহবুব জামান খানকে ২৯ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। আর নোটিশে মুসাদ্দিক আহমেদকে ৩০ জুলাই সকাল ১০টায় উপস্থিত হতে বলা হয়েছে।

প্রনব কুমার ভট্টাচার্য জানান, মুসাদ্দিক আহমেদ ছাড়া বাকিদের নির্ধারিত সময়ে দুদকের কর্মকর্তা সাইফুল ইসলামের দপ্তরে উপস্থিত হতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবর নোটিশ পাঠানো হয়েছে।

বিমানের এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ নিয়ে পাইলট নিয়োগসহ অবৈধ সম্পদ অর্জন করেছেন।

সারাবাংলা/এসজে/পিটিএম