Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিয়ে শিক্ষার্থী কারাগারে


৩০ এপ্রিল ২০১৯ ১৯:৫৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রাম: এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে অবশেষে কারাগারে স্থান হয়েছে বেলাল হোসেন নামে এক শিক্ষার্থীর। মঙ্গলবার (৩০ এপ্রিল) কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়। আশিক সরকার নামের এক পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন তিনি।

বেলাল হোসেন উপজেলার নওদাবশ গ্রামের জোবেদ হোসেনের ছেলে।

কলেজের ভাইস প্রিন্সিপাল আসাদুজ্জামান লিটু জানান, মঙ্গলবার কলেজের ১১নং পরীক্ষা হলে আশিক সরকারের জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষায় প্রক্সি দিতে এসেছিলেন বেলাল হোসেন। রেজিস্ট্রেশন কার্ডের ছবির সঙ্গে চেহারার মিল না পাওয়ায় পরীক্ষা পরিদর্শকের হাতে ধরা পড়েন তিনি।

বিজ্ঞাপন

বেলাল হোসেন ওই কলেজ থেকেই এক বছর আগে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন বলে জানান ভাইস প্রিন্সিপাল।

কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ  জানান, আটকের পর ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে বেলালকে পুলিশে সোপর্দ করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, কলেজের অধ্যক্ষ বাদী হয়ে আটক ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করলে তাকে ধরে আনা হয়। পড়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এমএইচ