Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ শিশুদের আনন্দ মেলা


৬ মার্চ ২০১৯ ১০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

গত ২ মার্চ রাজধানীর উত্তরা মডেল টাউনের ডিয়াবাড়ির আরপি সিটির সবুজ চত্বর সেজেছিল অন্যরকম সাজে। পুরো চত্বর ঝলমল করছিলো শিশুদের উপস্থিতিতে।

মঞ্চে নানান পোশাকে গানের সাথে নাচছিল একদল শিশু-কিশোর। মঞ্চের পাশেই হারমোনিয়াম, তবলা বাজিয়ে তাদের উৎসাহ দিচ্ছিলেন শিক্ষকেরা। যে শিশুরা মুখর করে রেখেছিল পুরো চত্বর তারা সবাই ‘বিশেষ শিশু’ বা বুদ্ধি  প্রতিবন্ধী। স্বাভাবিক আর দশটা শিশুদের মতো এরা নয়। কিন্তু এই শিশুরাই নাচ, গান, অভিনয়, আবৃত্তি পরিবেশন করে জানিয়ে দিল, সুযোগ পেলে তারাও পারে বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে।

আয়োজনটি ছিল বিশেষ শিশুদের বার্ষিক আনন্দমেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বনভোজন-২০১৯। সুইড বাংলাদেশ পরিচালিত ঢাকাসহ দেশের ১৯টি স্কুলের প্রায় দুই হাজার বিশেষ শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এ অনুষ্ঠানে অংশ নেন। এর আয়োজন করে আহমেদ আবদুর রহমান ট্রাস্ট। ২০০৬ সাল থেকে এখানে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে আসছে এই ট্রাস্টটি।

বিজ্ঞাপন

জাতীয় সংগীত দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঞ্চে যখন শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছিল, দর্শক সারিতে বসা অনেক মায়ের চোখে তখন পানি। কারণ একজন বিশেষ শিশুর মা-ই জানেন প্রতিটি দিন কতটা ত্যাগ স্বীকার করতে হয় তাকে এবং তার সন্তানকে।

সুইড বাংলাদেশের ধানমন্ডি শাখার প্রধান মাহবুবুল মুনীরের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠান আয়োজনের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন আহমেদ আবদুর রহমান ট্রাস্টের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী ফরিদ আহমেদ ভূঁইয়া। কথা বললেন তাঁর স্ত্রী, বিশিষ্ট চিকিৎসক তাজকেরা খানমও। তাদের কথায় ফিরে ফিরে আসে তাদের সন্তান আহমেদ আবদুর রহমানের কথা, যিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী। এই সন্তানের কারণেই তাদের এই ট্রাস্ট গঠন এবং এরপর সুইড বাংলাদেশের সঙ্গে একসাথে পথচলা। সর্বোপরি এই শিশুদের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানে বিশেষ শিশুদের ব্যবহারের জন্য একটি গাড়িও হস্তান্তর করা হয় ট্রাস্টের পক্ষ থেকে।

অনুষ্ঠান বিশেষ শিশুদের নিয়ে নানা পরিকল্পনার কথা বলেন সুইড বাংলাদেশের মহাসচিব জওয়াহেরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জোবায়দুর রহমান মিলন ও সুইডের সাংস্কৃতিক সম্পাদক ইমেলদা হোসেন দিপা।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুইড বাংলাদেশের ইস্কাটন, ধানমন্ডি, সেতাবগঞ্জ, মানিকগঞ্জ ও মৌলভীবাজার শাখার ছেলেমেয়েরা।

সারাবাংলা/এসএমএন