Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / ৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

ক্রীড়া ডেস্ক
২৭ জুন ২০২৬ ০৭:১১

বিশ্বকাপে প্রথম ১২ ম্যাচে তার নামের পাশে ছিল না কোনো গোল। সেখানে পরের দুই ম্যাচেই জালের দেখা পেলেন উসমান দেম্বেলে। দারুণ এক হ্যাটট্রিক করে সাত দশকের রেকর্ড ভাঙলেন এই ফরাসি তারকা।

বোস্টনে শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে ম্যাচের ৩২ মিনিটের মধ্যে তিন গোল করেন দেম্বেলে। গত ৭২ বছরে বিশ্বকাপে ম্যাচের শুরু থেকে দ্রুততম হ্যাটট্রিক এটিই।

১৯৫৪ সালের আসরে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে ম্যাচের প্রথম ২৪ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন অস্ট্রিয়ার ইয়েরিখ প্রুবস্ট। বিশ্বকাপে ম্যাচের শুরু থেকে দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ড হিসেবে এখনও টিকে আছে এটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন এখন দেম্বেলে।

বিজ্ঞাপন

ফ্রান্সের তৃতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেন তিনি। ১৯৫৮ সালে প্যারাগুয়ে ও জার্মানির বিপক্ষে জুস্ত ফঁতেন ও ২০২২ সালের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কিলিয়ান এমবাপে এই কীর্তি গড়েন।

চলতি আসরে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও কাতারের বিপক্ষে কানাডার জোনাথন ডেভিড তিন গোল করেন।

এছাড়া ১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপে ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন কেউ।

আগের ম্যাচে ইরাকের জালে একবার বল পাঠিয়ে বিশ্বকাপে ১২ ম্যাচের গোল খরা কাটান দেম্বেলে। দ্বিতীয় গোলের দেখা পেতে তার বেশি সময় লাগেনি। নরওয়ের বিপক্ষে সপ্তম মিনিটে দারুণ গোলে দলকে এগিয়ে নেন তিনি।

২০তম মিনিটে দ্বিতীয় গোল করেন দেম্বেলে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। পরের মিনিটে একটি গোল শোধ করে দেয় নরওয়ে।

৩২তম মিনিটে দুই গোলের লিড পুনরুদ্ধার করেন দেম্বেলে। এবারও বক্সে তার সামনে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়। তাদের মাঝ দিয়ে বাঁ পায়ের আরেকটি শটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই পিএসজি তারকা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর