Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ


২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (প্রশিক্ষিত ও অপ্রশিক্ষিত) দশম গ্রেডে বেতন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এই আদেশ ২০১৪ সালের ৯ মার্চ থেকে কার্যকর হবে।

এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত।

সালাহউদ্দিন দোলন বলেন, বর্তমানে প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির হলেও তারা বেতন পান ১১ ও ১২তম গ্রেডে। অথচ দ্বিতীয় শ্রেণির অন্য সব চাকরিজীবী দশম গ্রেডে বেতন পান। এমনকি নন-ক্যাডার দ্বিতীয় শ্রেণির পদে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তারা জাতীয় বেতন কাঠামোর দশম স্কেলে বেতন পান। ফলে সরকারি প্রধান শিক্ষকদের মর্যাদা দিলেও তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হয়েছিল।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে আইনজীবী জানান, প্রাথমিকভাবে রায়টি সংক্ষুব্ধদের ক্ষেত্রে কার্যকর হবে। ২০১৪ সালের ৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন। ওই দিনই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১ ও অপ্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করা হয়।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সদস্য ও প্রধান শিক্ষকদের বিভিন্ন সংগঠন এই দাবিতে আন্দোলন করে আসছিল। পবর্তীতে ১১ ও ১২তম গ্রেড নির্ধারণের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে গত বছরের ৪ মার্চ হাইকোর্ট বিভাগে রিট আবেদন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক। পরদিন আদালত এ রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করে।

সারাবাংলা/এজেডকে/এটি