Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ব্ল্যাক আউটে’ চট্টগ্রামের ৭ জেলা


২৪ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: মহানগর ও জেলাসহ চট্টগ্রাম বিভাগের সাত জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চট্টগ্রামের হাটহাজারীতে আঞ্চলিক গ্রিডে কারিগরি ত্রুটির কারণে এ ‘ব্ল্যাক আউট’ দেখা দিয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকেই চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা; পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং কক্সবাজার, ফেনী ও কুমিল্লা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। গোটা এলাকা অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের জুলধা পাওয়ার প্ল্যান্টে যন্ত্রাংশ (সিটি) বিস্ফোরণের ঘটনা ঘটে। এর ফলে চট্টগ্রাম নগরীর হালিশহর বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এরপর অতিরিক্ত চাপের কারণে চট্টগ্রামের হাটহাজারীতে আঞ্চলিক গ্রিডে বিপর্যয় ঘটে। ফলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে রাত ১০টা থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

বিদ্যুৎ বিতরণ অঞ্চল চট্টগ্রামের সহকারী পরিচালক শহীদুল আলম সারাবাংলাকে বলেন, হাটহাজারীর ওই আঞ্চলিক গ্রিডে কারিগরি ত্রুটির কারণেই বন্ধ হয়েছে বিদ্যুৎ সরবরাহ। গ্রিড মেরামতে কাজ চলছে। যত বিদ্যুৎ সরবরাহ শুরু করা যায়, সেই চেষ্টা চলছে।

সারাবাংলা/আরডি/টিআর