।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: প্রায় ৫৬ ঘণ্টা পর চট্টগ্রামে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। পাইপলাইন কেটে যাওয়ায় গত শনিবার বিকেল ৪টা থেকে চট্টগ্রাম নগরীর বড় অংশে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি (কেজিডিসিএল) ব্যবস্থাপক অনুপম দত্ত সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর সোমবার মধ্যরাত থেকেই গ্যাস সরবরাহ শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে সব এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে।’
তিনি আরও জানান, সোমবার সন্ধ্যা ৭টা থেকে কাটা পড়া লাইন মেরামতের কাজ শুরু হয়েছিলো। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টায় মেরামত কাজ শেষ হয়। এর পরপরই নগরীতে গ্যাস সরবরাহ শুরু করা হয়।
মেরামত কাজ শুরু, মঙ্গলবার থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহের আশা
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী রোডে মাইট্ট্যাখাল থেকে মাটি তুলতে গিয়ে গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গ্যাসের একটি হাইপ্রেশার লাইন কেটে ফেলে সিটি করপোরেশনের কর্মীরা। এর ফলে শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে চট্টগ্রাম নগরীর বড় অংশে গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে যায়। খালের মধ্যে ১২ ফুট গভীরে ২৪ ইঞ্চি ব্যাসের হাইপ্রেশার লাইনটি কেটে যাওয়ায় নগরীর হালিশহর, পতেঙ্গা, ইপিজেড, সদরঘাট, বন্দর, কোতোয়ালীর বিভিন্ন অংশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
সারাবাংলা/আরডি/এমও