Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫ বারও দাখিল হলো না ব্লগার অভিজিৎ হত্যার মামলায় প্রতিবেদন


১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:১৮ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

এ নিয়ে ৪৫ বারের মত প্রতিবেদন দাখিলের জন্য সময় পেলেন তদন্ত কর্মকর্তা।

রোববার (১৭ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম কোনো প্রতিবেদন জমা দিতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী প্রতিবেদন দাখিলের নতুন করে এ তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

অভিজিৎ রায় হত্যাকান্ডের পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিজিৎ রায় হত্যার সময়কার ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে সোহেলসহ ছয়জনের ছবি দিয়ে তাদের ধরিয়ে দিতে বলা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ। ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক ড. অজয় রায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সারাবাংলা/এআই/জেএএম