।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: ‘শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত ‘বীর প্রতীক গাজী সেতু’ উদ্বোধনের পর পুরো রূপগঞ্জ এলাকার চিত্র বদলে যাবে’—বলেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। শনিবার (১৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর নির্মিত সেতুটি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বীর প্রতীক গাজী সেতুর নির্মান কাজ শেষ। এখন রাস্তার কাজ চলছে। তাও শেষ পর্যায়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোন সময় এ সেতুটি উদ্বোধন করবেন। সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হলে শীতলক্ষ্যার দুই পাড়ের মুড়াপাড়া ও কায়েতপাড়ার মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। এছাড়া ব্যবসা, বাণিজ্য, শিল্প-কারখানার মালামাল পরিবহনে সময় ও ব্যয় দুটোই কমে আসবে।’

মন্ত্রী বলেন, ‘ঢাকা থেকে সিলেট এবং চট্টগ্রাম যাওয়ার জন্য কয়েকটি জেলার যাত্রীরা মুড়াপাড়া ও রূপগঞ্জ সদর এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে চলাচল করা ফেরি ব্যবহার করেন। ফলে এই পথে যানজটের কবলে পড়তে হয় তাদের। সেতুটি সেই সমস্যার সমাধান করবে। এছাড়া সেতুটি নির্মাণের ফলে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার দূরত্ব ঢাকার সঙ্গে ১০ কিলোমিটার কমবে। একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও পূর্বাচল উপশহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর চাপ কমবে এবং এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে। এমনকি রাজধানীর সঙ্গে রূপগঞ্জের দূরত্ব কমে যাবার কারণে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে বলেও আশা করা হচ্ছে।’
এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমআই