।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘জানিপপ’ ও তার চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে নির্বাচন পর্যবেক্ষণ থেকে বিরত রাখতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে বিএনপি।
শনিবার ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে এ সংক্রান্ত চিঠি প্রদান করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিঠিতে স্বাক্ষর করেন।
সিইসিকে দেওয়া চিঠিতে বলা হয়, জানিপপের চেয়ারম্যান বর্তমানে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি গত রংপুর সিটি নির্বাচনের সময় এক আওয়ামী লীগ নেতার পক্ষে প্রচারণা চালান। এছাড়া বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিয়ে থাকেন। তিনি আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন খান আলমগীরের ভাগনে।
চিঠিতে আরও বলা হয়, একটি বিশেষ রাজনৈতিক দলের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়ে তিনি তার নিরপেক্ষতা ভঙ্গ করেছেন। ফলে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থেকে তাকে ও তার সংস্থা ‘জানিপপ’কে দায়িত্ব না দেওয়ার দাবি জানানো হচ্ছে।
সারাবাংলা/জিএস/এমও