Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৬ ১১:০৪ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১২:৩৩

হরমুজ প্রণালী। প্রতীকী ছবি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমান একটি নৌপথের মানচিত্র তৈরিতে একমত হয়েছে। কয়েক সপ্তাহের কূটনৈতিক আলোচনার পর এ সমঝোতা চুক্তি হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

ইরানি সংবাদমাধ্যম ডেফা প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বাঘাই বলেন, ‘গত ১৮ জুন নিরাপদ নৌপথ প্রতিষ্ঠায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পর দুই দেশ প্রায় তিন মাস ধরে এ বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনা ইতিবাচকভাবে এগিয়েছে এবং নৌপথের মানচিত্র নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো গেছে।’

বিজ্ঞাপন

বাঘাই জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে পরিকল্পনাটি তৈরি করা হয়েছে।

তবে তেহরান ও মাসকাটের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশসহ কিছু বিষয় এখনো চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।

তিনি বলেন, এই সমঝোতা ইরান ও ওমানের মধ্যে একটি স্বাধীন চুক্তি। এর লক্ষ্য দুই উপকূলীয় দেশের সার্বভৌমত্বকে সম্মান জানিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করা।

তবে হরমুজ প্রণালিতে পূর্ণ নিরাপত্তা ও স্বাভাবিক বাণিজ্যিক নৌচলাচল পুনঃপ্রতিষ্ঠা যুক্তরাষ্ট্রের কথিত অবৈধ কর্মকাণ্ড, সামরিক হুমকি ও নৌ অবরোধ বন্ধের ওপর নির্ভর করবে বলে দাবি করেন বাঘাই। গত দুই মাসে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি লঙ্ঘনের অভিযোগে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের আওতায় এ আলোচনা শুরু হয়। ওই সমঝোতায় হরমুজ প্রণালির জন্য নতুন নৌচলাচল কাঠামো তৈরির দায়িত্ব ইরান ও ওমানকে দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর