Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় মৎস্য পক্ষ রোববার থেকে শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৯:৫৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: ‘রূপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আগামী রোববার (১৬ আগস্ট) শুরু হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এবারের আয়োজনে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক (স্বর্ণপদক) দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধন হবে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য পক্ষের উদ্বোধন ও পদক বিতরণ করবেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হয়েছে। বর্তমানে মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা ৬৭ দশমিক ৮০ গ্রাম, যা জাতীয় পুষ্টিচাহিদার নির্ধারিত ৬০ গ্রামের চেয়ে বেশি। মৎস্য খাত জাতীয় জিডিপিতে ২ দশমিক ৫৮ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে ২২ দশমিক ০৩ শতাংশ অবদান রাখছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২ কোটি ৬ লাখ মানুষ এ খাতের সঙ্গে যুক্ত।

মন্ত্রী আরও বলেন, ফাও-এর ২০২৬ সালের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং বদ্ধ জলাশয়ে চাষের মাছ উৎপাদনে পঞ্চম। ইলিশ আহরণে বাংলাদেশ বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে।

মৎস্যসম্পদ সংরক্ষণে জেলেদের সহায়তার কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন নিষেধাজ্ঞাকালে জেলেদের মধ্যে বিপুল পরিমাণ ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। একই সময়ে মাছ ধরতে গিয়ে নিহত ২৬ ও নিখোঁজ ১৩ জেলের পরিবারকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী জলমহাল, উপকূলীয় খাল ও হাওরের ইজারা প্রথা বিলুপ্ত করে ‘জাল যার, জলা তার’ নীতিতে স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিংড়ির বৈশ্বিক ব্র্যান্ড প্রতিষ্ঠা ও রফতানি বাড়াতে সমন্বিত পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এমএমএইচ/এসআর