Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে দুদকে অভিযোগকারী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২১:১০

ঢাকা: ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছিলেন, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

ইসলামী ব্যাংকের দুদকে অভিযোগকারী মোহাম্মদ ইয়াসীন আলী। ব্যাংক কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করেছে। ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, সাইফুল আলমসহ (এস আলম) ৩৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য দুদকে অভিযোগ করেছিলেন ইয়াসীন আলী।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, শাখা পর্যায় থেকে দুদকে অভিযোগ করার সুযোগ নেই। ঋণের ক্ষেত্রে অনিয়ম হলে আদালতে যাওয়া হয়। আদালত প্রয়োজন মনে করলে অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠান। এ ছাড়া দুদকের সঙ্গে যোগাযোগ করার জন্য আলাদা বিভাগ আছে।

তিনি বলেন, শাখার কর্মকর্তা কেন দুদকে অভিযোগ জমা দিলেন, তা পরিষ্কার নয়। বিভাগীয় তদন্তের জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ইসলামী ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলী-কে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়। সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ করার জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়। ২৭ জুলাই জারি করা চিঠিতে শাখা ব্যবস্থাপনার পক্ষ থেকে তাঁকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জেএমসি বিল্ডার্স লিমিটেড-এর প্রতিনিধি হিসেবে ২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালক ও পরে ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী তিনি ব্যাংকের পরিচালকের পদ ছেড়ে দেন। তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ৮ জুন থেকে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্বে ছিলেন।

এদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান গতকাল বলেছেন, নতুন কমিশন গঠিত হলে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সম্পতি

দুদকে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি অভিযোগ জমা দেওয়া হয়। বুধবার বিষয়টি নিয়ে সাংবাদিকরা দুদক সচিবের কাছে জানতে চাইলে তিনি এ কথা বলেন।

সাইদুর রহমান খান বলেন, বর্তমানে দুদকে কোনো কমিশন নেই। এ ধরনের অভিযোগ কমিশনের মাধ্যমেই গ্রহণ করা হয়ে থাকে। আমরা আশা করছি, শিগ্‌গিরই নতুন কমিশন গঠিত হবে। এরপর অভিযোগটি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত সোমবার ইসলামী ব্যাংক থেকে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম ও সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলী।

সারাবাংলা/এসএ/এসআর