ঢাকা: চলতি পঞ্জিকা বছরের গত জুনে আগের মাসের তুলনায় (মে ২০২৬) ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন দেশের ভেতর, বিদেশে বেড়েছে। তবে দেশের ভেতর বিদেশিদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে।
ক্রেডিট কার্ডে দেশে-বিদেশে লেনদেনসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে দেশের অভ্যন্তর ও বিদেশে বাংলাদেশের নাগরিকদের এবং দেশের ভেতরে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে বাংলাদেশিরা ৮১২ কোটি টাকা খরচ করেছিল। আর পরের জুন মাসে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছে ১ হাজার ৩৭ কোটি টাকা। সেই হিসাবে মে মাসের তুলনায় জুন মাসে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে ২২৪ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে চলতি বছরের জুন মাসে বিদেশে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৮৫ কোটি ১ লাখ টাকা। এরপর থাইল্যান্ডে ৫৮ কোটি ৫ লাখ টাকা, যুক্তরাজ্যে ৪৬ কোটি ২ লাখ টাকা, সিঙ্গাপুরে ৪০ কোটি ৪ লাখ টাকা, মালয়েশিয়ায় ৩৩ কোটি টাকা, ভারতে ৩৭ কোটি টাকা, নেদারল্যান্ডে ২২ কোটি, সৌদিতে ৪৯ কোটি, কানাডায় ২৪ কোটি, অস্ট্রেলিয়ায় ১৮ কোটি, আয়ারল্যান্ড ১৬ কোটি ও অন্যান্য দেশে ৯৫ কোটি টাকা খরচ হয়েছে।
অপরদিকে, বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে কত খরচ করছেন, সেই তথ্যও প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য মতে, চলতি বছরের মে মাসে বিদেশিরা বাংলাদেশে এসে খরচ করেছিল ৩১২ কোটি ৪ লাখ টাকা। আর পরের জুন মাসে বিদেশিরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ২৪১ কোটি ৫ লাখ টাকা। সেই হিসাবে মে মাসের তুলনায় জুন মাসে বিদেশিরা বাংলাদেশে কম খরচ করেছে ৭০ কোটি টাকা।
এ ক্ষেত্রেও শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটির নাগরিকরা বাংলাদেশে খরচ করেছেন ৪৯ কোটি ৮ লাখ টাকা। এরপর যুক্তরাজ্যের নাগরিকরা ২২ কোটি ৯ লাখ টাকা খরচ করেছে। ভারতের নাগরিকরা বাংলাদেশে এসে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছেন ১৮ কোটি ৯ লাখ টাকা।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসের তুলনায় জুন মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন বেড়েছে। মে মাসে দেশের ভেতর খরচ হয়েছিল ৪ হাজার ২৮৭ কোটি টাকা। আর পরের জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ হয়েছে ৪ হাজার ৪৬১ কোটি টাকা। সেই হিসাবে জুন মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেশের ভেতর খরচ বেশি হয়েছে ১৭৩ কোটি টাকা।