Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে ভিসার সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ২০:৫১

ঢাকা: বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সম্প্রসারণ, লেনদেনের নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসার মধ্যে।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠক করে। বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বর্তমান অবস্থা ও এর আরও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি ‘টাকা-পে’সহ দেশীয় পেমেন্ট ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ডিজিটাল লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করা, পেমেন্ট ব্যবস্থার সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের বিষয়ও উঠে আসে।

বিজ্ঞাপন

আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংক ও ভিসার প্রতিনিধিরা। দেশের দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল লেনদেনের পরিবেশে নিরাপদ ও আধুনিক পেমেন্ট ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন বাড়ানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশীয় পেমেন্ট ব্যবস্থা শক্তিশালী করা, আন্তঃব্যাংক লেনদেন সহজ করা এবং ডিজিটাল পেমেন্টের পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে এই বৈঠক বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট খাতের উন্নয়ন ও নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।