Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পুলিশ অ্যাসোসিয়েশন বিতর্ক: অবস্থান স্পষ্ট সংগঠনটির এডহক কমিটির

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১৯:৪২

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নামে বিভিন্ন ব্যক্তি ও কমিটির কার্যক্রম নিয়ে চলমান বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংগঠনটির এডহক কমিটি। তাদের দাবি, সমাজসেবা অধিদফতর আগেই একাধিক কমিটির কার্যক্রম স্থগিত করেছে। তাই স্থগিত কমিটির নামে দেওয়া কোনো বক্তব্য বা বিবৃতির সঙ্গে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কোনো সম্পর্ক নেই। একইসঙ্গে কামরুল হাসান তালুকদার ও মনিরুল হক ডাবলুকে সংগঠনের প্রতিনিধি হিসেবে পরিচয় না দেওয়ারও আহ্বান জানিয়েছে এডহক কমিটি।

বুধবার (৫ আগস্ট) রাতে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি পুলিশ পরিদর্শক এ কে এম আলমগীর জাহানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেশ কিছুদিন ধরে কামরুল হাসান তালুকদার ও মনিরুল হক ডাবলু বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের নাম ও প্যাড ব্যবহার করে বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দিয়ে আসছেন। নিজেদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিলেও তাদের সঙ্গে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।

এডহক কমিটির অভিযোগ, ব্যক্তি স্বার্থ হাসিল এবং পোস্টিং–বাণিজ্যের উদ্দেশ্যে তারা সংগঠনের নাম ব্যবহার করছেন। বিষয়টি পুলিশ সদর দফতরকে অবহিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের সময় সাবেক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশনায় জাতীয়তাবাদী ঘরানার কয়েকজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে অপমান করার অভিযোগ রয়েছে কামরুল ও ডাবলুর বিরুদ্ধে। এছাড়া বঞ্চিত কর্মকর্তাদের বাদ দিয়ে বিভিন্ন জেলায় ওসি পদায়নে প্রভাব বিস্তারের অভিযোগও তোলা হয়েছে।

এডহক কমিটির দাবি, বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন সমাজসেবা অধিদফতর নিবন্ধিত একটি সংগঠন। সমাজসেবা অধিদফতর ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি জারি করা এক আদেশে সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রম স্থগিত ঘোষণা করে। এরপরও স্থগিত কমিটির নামে কার্যক্রম চালানো হচ্ছে, যা বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট পুলিশকে উসকানির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে একটি আপদকালীন কমিটি গঠন করা হয়েছিল। তবে পরদিন, ৭ আগস্ট পুলিশ সদর দফতর বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের সব কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করে। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৮ আগস্ট আরও একটি কমিটি গঠন করা হয় বলে দাবি করেছে এডহক কমিটি।

এডহক কমিটির ভাষ্য, পরবর্তীকালে সমাজসেবা অধিদফতর তিনটি কমিটির কার্যক্রমই স্থগিত করে। এরপর সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের সমন্বয়ে বর্তমান এডহক কমিটি গঠন করা হয়, যা এখন কার্যক্রম পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে স্থগিত কমিটির নামে কোনো বক্তব্য বা বিবৃতিকে গুরুত্ব না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে, একই দিনে কামরুল হাসান তালুকদার ও মনিরুল হক ডাবলুর সইয়ে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশনের ব্যানারে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়। ওই বিবৃতিতে এক প্রবাসী সাংবাদিকের অবস্থানকে নেতিবাচকভাবে তুলে ধরা হয় এবং তাকে কৌশলগতভাবে আক্রমণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ আনেন। তবে ওই সাংবাদিক বিগত আওয়ামী লীগ সরকারের সময় শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক লেখালেখির কারণে দীর্ঘদিন দেশে ফিরতে পারেননি বলে জানা যায়। ওই বিবৃতির পরপরই পুলিশ এসোসিয়েশনের এডহক কমিটির বিবৃতি সামনে এলো।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর