Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুলাই ২০২৬ ১৬:৪০ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৯:৫২

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যজোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। দলটি বলেছে, জাতীয় নির্বাচন শেষ হওয়ায় এ জোটের কার্যকারিতা শেষ হয়েছে। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে ভবিষ্যতে বৃহত্তর কোনো ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে গঠিত ১১ দলীয় ঐক্যের উদ্দেশ্য পূরণ হওয়ায় এখন থেকে জোটের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস।

বিজ্ঞাপন

এ বিষয়ে দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনের জন্য ১১ দলের মধ্যে যে সমঝোতা হয়েছিল, তা এখন আর কার্যকর নেই। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে মতের মিল থাকলেও সেসব ইস্যুতে খেলাফত মজলিস ভবিষ্যতে স্বতন্ত্রভাবে কাজ করবে।

দলীয় সূত্রে জানা যায়, গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো কর্মসূচির ব্যানার বা প্রচারণায় তাদের দল বা নেতাদের নাম ব্যবহার না করতে। পরে রংপুরের একটি সমাবেশে দলের নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসআর