Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাউশি’র সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১৮:০৫ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ২১:২৬

ঢাকা: আদালতের আদেশ অমান্য করার অভিযোগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)-এর সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান এবং অধ্যাপক বিএম আব্দুল হান্নান-কে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১২ আগস্ট তাদের সশরীরে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির।

শুনানি শেষে আইনজীবী হুমায়ুন কবির জানান, মাদারীপুরের রাজৈর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা দায়িত্বে থাকা অবস্থায় শিক্ষা অধিদপ্তর অন্য একজনকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট দায়ের করলে আদালত সংশ্লিষ্ট আদেশের ওপর স্থগিতাদেশ দেন।

বিজ্ঞাপন

তবে আদালতের স্থগিতাদেশ কার্যকর করতে শিক্ষা অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা জারি না হওয়ায় আদালতের আদেশ বাস্তবায়িত হয়নি। এ ঘটনায় অধ্যক্ষ মরিয়ম মুজাহিদা আদালত অবমাননার আবেদন করেন।

ওই আবেদনের শুনানি শেষে হাইকোর্ট আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান ও অধ্যাপক বি. এম. আব্দুল হান্নানকে আগামী ১২ আগস্ট সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

সারাবাংলা/টিএম/এসআর