Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি বঞ্চনা মানবতার ওপর আঘাত: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ২০:৫৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে এগিয়ে দেওয়া আর কাউকে বঞ্চিত করা শুধু বৈষম্য নয়, এটি মানবতার ওপর আঘাত। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে এ ধরনের রাজনৈতিক বিবেচনায় দেশের বহু মেধাবী চিকিৎসক, শিক্ষক ও সরকারি কর্মকর্তা পদোন্নতি ও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, একজন দক্ষ ও নিবেদিতপ্রাণ চিকিৎসককে রাজনৈতিক পরিচয়ের কারণে অবমূল্যায়ন করা দেশের জন্য ক্ষতিকর। এতে মেধার সঠিক মূল্যায়ন হয় না, বরং মেধার অপচয় ঘটে এবং দেশ ব্রেইন গেইনের পরিবর্তে ক্ষতির মুখে পড়ে।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, বিগত সময়ে অনেক চিকিৎসকের গবেষণা, প্রকাশনা ও পদোন্নতির জন্য প্রয়োজনীয় সব যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক কারণে তারা মেডিকেল অফিসার হিসেবেই থেকে গেছেন। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তন না হলে তাদের অনেকেই সহকারী অধ্যাপক বা অধ্যাপক হওয়ার সুযোগ পেতেন না বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, শুধু স্বাস্থ্য খাত নয়, বিভিন্ন ক্ষেত্রেই রাজনৈতিক বিবেচনায় যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। ফলে অনেক মেধাবী ব্যক্তি বিদেশে চলে গেছেন, আবার অনেকে আজীবন তাদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হয়েছেন। এতে রাষ্ট্রও তাদের দক্ষতা ও মেধার সুফল থেকে বঞ্চিত হয়েছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, এখন স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া ও হৃদরোগের মতো জটিল রোগের চিকিৎসা ব্যয় কমাতে সরকার উদ্যোগ নিয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।

তিনি বলেন, জনগণের প্রতি জবাবদিহিমূলক সরকারই মানুষের কল্যাণে এমন সিদ্ধান্ত নিতে পারে। তাই রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক বিবেচনার পরিবর্তে যোগ্যতা, দক্ষতা ও ন্যায়বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর