ঢাকা: বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবিতে আদালতের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় তারা অভিযোগ করেন, ‘জাস্ট থট এডুকেশন’ ও ‘ভিসা গাইড’ নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে একটি চক্র বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে প্রায় ২০ কোটি টাকা আত্মসাৎ করেছে।
ভুক্তভোগীদের দাবি, রাজধানীর উত্তরায় বিভিন্ন নামে পরিচালিত এসব প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও ভিসা প্রক্রিয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করে তারা জানতে পারেন, বিশ্ববিদ্যালয়গুলোর কাছে কোনো অর্থই জমা দেওয়া হয়নি।
এ ঘটনায় চলতি মাসে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ৩৫ জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে তিনটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা।
মামলার পরিপ্রেক্ষিতে ভাটারা থানায় দায়ের করা এক মামলায় অভিযুক্ত মতিউর রহমানকে গত সোমবার (১৩ জুলাই) রাতে রাজধানীর উত্তরা পূর্ব এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য, ‘জাস্ট থট এডুকেশন’ ও ‘ভিসা গাইড’-এর মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৩৫০ শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে আনুমানিক ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তবে ভুক্তভোগীদের দাবি, প্রতারণার মোট পরিমাণ প্রায় ২০ কোটি টাকা।
এর আগে গত মঙ্গলবার (১৪ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ভাটারা থানায় অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, এই প্রতারণায় শুধু অর্থ নয়, নষ্ট হয়েছে উচ্চশিক্ষার মূল্যবান সুযোগ, সময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা। তাই দ্রুত সব অভিযুক্তকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবি জানান তারা।