ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে চান না ব্যংকটির সচেতন গ্রাহকরা।
‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর উদ্যোগে সোমবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। ইসলামী ব্যাংকে ফ্যাসিবাদের দোসর ও এস আলমের সুবিধাভোগীকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ এবং সম্পূর্ণ অন্যায়ভাবে এমডিকে পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে গ্রাহকেরা মেনে নেবে না- দাবি করে মানববন্ধনে বক্তারা বলেন, “খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় নিতে হবে”।
তারা বলেন, খুরশিদ আলমকে ব্যাংকে ঢুকতে হলে ৩ কোটি গ্রাহকের রক্তের ওপর দিয়ে ব্যাংকে ঢুকতে হবে। ব্যাংকের গ্রাহকেরা নিজেদের আমানত রক্ষায় ব্যাংক পাহারা দিতে বাধ্য হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায়ভার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেই নিতে হবে।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংক নিয়ে পতিত আওয়ামী লীগ যেই ষড়যন্ত্রে লিপ্ত ছিল একই ষড়যন্ত্রে নব্য ফ্যাসিবাদীরাও লিপ্ত রয়েছে। এস আলমের উত্তরসূরি ‘কে আলম’ (খুরশিদ আলম) কে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মেনে নেওয়া হবে না, ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলমের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছেন বলেও তারা অভিযোগ করেন।
ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে স্ব-পদে বহাল রেখে ব্যাংকের অগ্রযাত্রা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে বলেন, আপনি যদি গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করার পরিবর্তে ব্যাংক লুটেরা ও দুর্নীতিবাজদের হাতে ব্যাংক তুলে দিতে চান, তবে গ্রাহকেরা নিজেদের আমানত রক্ষায় যা যা করার তার সবকিছুই করবে। ইসলামী ব্যাংকের শক্তি ৩ কোটি গ্রাহক, ইসলামী ব্যাংকের প্রকৃত মালিকানা মালিকদের হাতেই থাকতে হবে। কোনো লুটেরাদের হাতে ইসলামী ব্যাংক তুলে দেওয়া যাবে না।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর সভাপতি অধ্যাপক নুর নবী মানিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সহ-সভাপতি মাওলানা ফরিদুল ইসলাম, ব্যাংকের শেয়ারহোল্ডার বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমেদ খান, মোতাছিম বিল্লাহ, শামীম হাসনাইন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহমান, অ্যাডভোকেট আব্দুল বারী প্রমুখ।