Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৬:১৮

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবেদুর রহমান সিকদার – ছবি : সংগৃহীত

ঢাকা: অবশেষে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন আবেদুর রহমান সিকদার।

বৃহস্পতিবার (১৬ জুলাই) তিনি ব্যাংকটির প্রধান নির্বাহী হিসেবে যোগ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংক গত ২৯ জুন আবেদুর রহমান সিকদার-কে এমডি হিসেবে নিয়োগে অনাপত্তিপত্র (এনওসি) দেয়। এর আগে ২৩ জুন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ তার নিয়োগের প্রস্তাব অনুমোদন করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করেন।

আবেদুর রহমান সিকদার এর আগে বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে তাকে সম্মিলিত ইসলামী ব্যাংকের পুনর্গঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক না থাকায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রশাসনিক ও ব্যবসায়িক কার্যক্রম ধীরগতিতে চলছিল। নতুন এমডির যোগদানের ফলে বড় অঙ্কের ঋণ ও লেনদেন অনুমোদন, পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন, নতুন সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার কার্যক্রমে গতি আসবে বলে আশা করছেন ব্যাংকটির কর্মকর্তারা।

আর্থিক সংকটে পড়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক—’ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫’-এর আওতায় একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করা ব্যাংকটিতে সরকারের অংশীদারিত্ব রয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের জমার বিপরীতে শেয়ারে রূপান্তর করা হয়েছে। গত বছরের ৩০ নভেম্বর ব্যাংকটি কার্যক্রম পরিচালনার চূড়ান্ত অনুমোদন পায়।

বর্তমানে আমানত সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় সংশ্লিষ্ট গ্রাহকদের প্রাথমিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পরিশোধের কার্যক্রম চলছে।

জানা যায়, এছাড়া ব্যাংকটির করপোরেট সুশাসন জোরদারে কোম্পানি সেক্রেটারি, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) নিয়োগের প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর