Monday 13 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাথমিকে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হবে: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৭:৪৫

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

ঢাকা: প্রাথমিক স্তর থেকেই বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা জোরদার করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার জন্য বিশেষ ল্যাব চালুর পরিকল্পনা করছে সরকার। সফল উদ্যোগগুলো মূল্যায়ন করে প্রাথমিকভাবে কয়েকশ বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম বাস্তবায়নের কথাও জানিয়েছে সরকার।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশনের আয়োজনে মানবিক সংকটাপন্ন এলাকায় খেলার মাধ্যমে শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক একটি কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার ভিত্তি তৈরি করতে খেলার মাধ্যমে শেখার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, বর্তমানে দেশের উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাত্র ২০ শতাংশ শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করে, যা একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর রাষ্ট্র গঠনের জন্য যথেষ্ট নয়। তাই প্রাথমিক থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে আগ্রহী করে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক শিক্ষাকে আত্মবিশ্বাসের সঙ্গে বেছে নিতে পারে।

ববি হাজ্জাজ বলেন, ব্র্যাক, লেগো ফাউন্ডেশন এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের বাস্তবায়িত খেলার মাধ্যমে শিক্ষা কার্যক্রম সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এসব কার্যক্রমের সফলতা মূল্যায়ন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে-ল্যাব ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার ল্যাব চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। এ লক্ষ্যে প্রথম ধাপে কয়েকশ বিদ্যালয়ে পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার শুধু সরকারি বিদ্যালয় নয়, বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম ও মাদ্রাসাসহ সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ন্যূনতম শিক্ষার মান নির্ধারণে কাজ করছে। শিক্ষক, পাঠ্যক্রম, অবকাঠামো ও শিক্ষার গুণগত মান-সব ক্ষেত্রেই একটি জাতীয় মানদণ্ড প্রতিষ্ঠা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষায় ভাষা, গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের শেখার অর্জন এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এ বাস্তবতা পরিবর্তনে সরকার শিক্ষা সংস্কার, যুগোপযোগী পাঠ্যক্রম, প্রযুক্তিনির্ভর শিক্ষা, খেলার মাধ্যমে শেখা এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে শিক্ষাই হবে সবচেয়ে বড় বিনিয়োগ এবং সেই বিনিয়োগের কেন্দ্রবিন্দু হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা। অঙ্কভীতি দূর করে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্র্যাকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর