Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শৃঙ্খলা ছাড়া জীবনে বড় হওয়া যায় না: ডেপুটি স্পিকার

ঢাবি করেস্পন্ডেন্ট
৮ জুলাই ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৭:৫২

ঢাবি: শৃঙ্খলা ছাড়া জীবনে বড় হওয়া যায় না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবীন শিক্ষার্থীদের উপদেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘ডিসিপ্লিন না থাকলে জীবনে কখনোই বড় হওয়া যায় না। আমি জানি না কতটুকু বড় হয়েছি, তবে আমরা এখনও শিক্ষকদের ছাত্র হিসেবেই আছি।’

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টিএসসি) আয়োজিত ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘ইতিহাস বিভাগ কেবল অতীতের ঘটনাবলি মুখস্থ করার জায়গা নয়, ইতিহাস হলো একটি আয়না, যেখানে একটি জাতি নিজেকে চিনতে পারে। যে জাতি তার ইতিহাস জানে না, সে ভবিষ্যতের পথও সঠিকভাবে খুঁজে পায় না।’

বিজ্ঞাপন

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘এই বিভাগ, এই ক্যাম্পাস আমাকে যা শিখিয়েছে, তা কেবল বই পড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। শিখিয়েছে কীভাবে মানুষকে চিনতে হয়, কীভাবে সমাজকে বুঝতে হয় এবং কীভাবে জাতি তথা দেশ গড়ার সংকল্প নিয়ে কাজ করতে হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৫২-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ৬৯ ও ৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখনই দেশে দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় আলোকবর্তিকা হিসেবে জাতিকে পথ দেখায়।’

তিনি নিজের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে তুলে ধরে বলেন, ‘অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষার আগে আমার ক্লাসের পারসেন্টেজ কম ছিল। তখন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার আমাকে পরীক্ষা দেওয়ার অনুমতি দেননি। আমি তৎকালীন উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ স্যারসহ অনেক শিক্ষকের দ্বারস্থ হয়েছিলাম। ভিসি স্যার অনুরোধ করলেও চেয়ারম্যান স্যার নিয়মের প্রতি অটল ছিলেন।’

স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান স্যার সেদিন আমাকে ডেকে বলেছিলেন- তোমাকে যদি আজ অ্যালাউ করি, জীবনে কখনোই নিয়মানুবর্তিতা শিখবে না। আমি চাই তুমি এক বছর আবার ক্লাস করে রেগুলার পরীক্ষা দিয়ে পাস করো। পরের বছর সারা বছর ক্লাস করে আমি পরীক্ষা দিয়েছি। স্যার তখন বলেছিলেন, ডিসিপ্লিন লাইফ লিড করলে জীবনে অনেক বড় হতে পারবে। উনাদের সেই শৃঙ্খলার শিক্ষাই আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।’

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অন্যান্য বিভাগের অনেকেই হয়তো ইতিহাস বিভাগ নিয়ে বুলিং করতে পারে। আপনারা সেসব কথায় কান না দিয়ে নিয়মিত ক্লাস করবেন এবং পড়াশোনায় মনোযোগী হবেন। তাহলেই ভবিষ্যতে দেশে-বিদেশে আপনারা অনেক বড় হতে পারবেন।’

প্রসঙ্গত, এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল কালাম সরকার, ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশফাক হোসেনসহ ইতিহাস বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর