পটুয়াখালী: কলাপাড়ায় সদ্য খনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলাপাড়ায় সফরে এসে স্বনির্ভর খাল নিজ হাতে খনন করেছিলেন। বিএনপি ক্ষমতায় এসে এ খালটি আবার পুনঃখননের উদ্যোগ নেয়। প্রথম দফায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ খালের ১ হাজার ৪৫০ মিটার খনন সম্পন্ন হয়। এরপর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৬০০ গাছ রোপন করা হয়।
কলাপাড়া উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম উপস্থিত ছিলেন।