Monday 22 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৬ ১৮:১৬ | আপডেট: ২২ জুন ২০২৬ ১৯:১০

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া মাফিয়া চক্র আওয়ামী লীগের কিছু অপতৎপরতা সরকারের গোচরীভূত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় তারা মিছিল বা সমাবেশের মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বস্তুনিষ্ঠ তথ্য ও মাসিক পরিসংখ্যান অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকার-সহ বিগত যেকোনো সরকারের আমলের তুলনায় বর্তমানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কম। কার্যক্রম নিষিদ্ধ হওয়া মাফিয়া চক্র আওয়ামী লীগের কিছু অপতৎপরতা সরকারের গোচরীভূত হয়েছে। দেশের বিভিন্ন জেলায় তারা মিছিল বা সমাবেশের মাধ্যমে জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েনকে রুটিন দায়িত্ব অভিহিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা প্রতিরোধ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে ৬টি জেলায় (ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মেট্রোপলিটন এলাকা এবং ফরিদপুর ও গোপালগঞ্জ) আজ ২২ জুন থেকে ৩০ জুন মেয়াদে সেনা মোতায়েন করা হয়েছে।

পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করে বলেন, এখানে আস্থা বা অনাস্থার কোনো প্রশ্নই আসে না। আমাদের পুলিশ বাহিনী বহু কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করেছে। প্রয়োজন অনুযায়ী পুলিশকে সহযোগিতা করতে বিজিবি কিংবা সেনাবাহিনী মোতায়েন একটি নিয়মিত আইনি প্রক্রিয়া। গত ১৫ জুন দীর্ঘ প্রায় দেড় বছর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও, বর্তমান বিশেষ পরিস্থিতিতে কেবল সুনির্দিষ্ট এলাকায় এই সীমিত মোতায়েন সম্পন্ন করা হয়েছে।

মন্ত্রী বলেন, আইনের চোখে সবাই সমান। সংসদ সদস্য কিংবা সাধারণ নাগরিক, আইনের ঊর্ধ্বে কেউ নন। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ প্রক্রিয়া মেনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এগারো দলীয় রাজনৈতিক জোটের সমাবেশ এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো সমাবেশ করছে, এটি দেশে গণতন্ত্র বিকাশেরই বহিঃপ্রকাশ। তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন। আমরাও আমাদের কথা জনগণের মাঝে তুলে ধরবো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর